দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথ মিডফিল্ডার অ্যালেক্স স্কটের জন্য চেলসির দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। ২২ বছর বয়সী এই প্রতিভাকে গ্রীষ্মে দলে রাখার ইচ্ছাও তারা স্পষ্ট করেছে।

বোর্নমাউথের সঙ্গে স্কটের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ক্লাব তাঁকে ধরে রাখতে মরিয়া হয়ে নতুন চুক্তির প্রস্তাব দিলেও স্কট তা প্রত্যাখ্যান করেছেন। এতে দ্রুতই প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয়েছে; চেলসির পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালও তাঁর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কথাই ধরা যাক। এই গ্রীষ্মে তারা ইউরি তিলেমানস ও আন্দ্রে সান্তোসকে দলে নিলেও অভিজ্ঞ কাসেমিরো বিনা ট্রান্সফার ফিতে চলে যাওয়ার পর মিডফিল্ডে আরও শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে।
গত মৌসুমে স্কট বেশ ধারাবাহিক ছিলেন। প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে অনুপস্থিত থেকে তিনি ৩ গোল ও ১টি অ্যাসিস্ট করেন। তাঁর সহায়তায় বোর্নমাউথ লিগে ষষ্ঠ হয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবার ইউরোপা লিগে জায়গা পায়। তবে ইতিহাস গড়া কোচ ইরাওলা এখন লিভারপুলে যোগ দিয়েছেন এবং সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচ রোজে দলের দায়িত্ব নিয়েছেন।
স্কটের উঠে আসার গল্পটিও অনুপ্রেরণাদায়ক। গার্নসিতে জন্ম নেওয়া এই খেলোয়াড় ইংল্যান্ডের অষ্টম স্তরের অপেশাদার দল গার্নসি এফসিতে ক্যারিয়ার শুরু করেন। ২০২০ সালে ১৬ বছর বয়সে ব্রিস্টল সিটিতে যোগ দিয়ে ধীরে ধীরে নজর কাড়েন। ২০২৩ সালের আগস্টে উলভারহ্যাম্পটনসহ অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বোর্নমাউথ প্রায় ২ কোটি পাউন্ডে তাঁকে কেনে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৯ ম্যাচে তাঁর অবদান ৬ গোল ও ৫ অ্যাসিস্ট।
ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে এখনো আনুষ্ঠানিক ম্যাচ না খেললেও স্কট জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ দুটিতে তিনি বদলি খেলোয়াড়দের বেঞ্চেও ছিলেন।
